বিরোধী ঐক্যের ডাক দিপকের! তেরঙা অভিযান নিয়ে হুঁশিয়ারি দিল্লি পুলিশের, মার্কিন নাগরিক ইমরানকে দেশ ছাড়ার নোটিস

ঘটনাচক্রে, বৃহস্পতিবারই মুম্বই পুলিশ বলিউড তারকা আমির খানের ভাগ্নে তথা জনপ্রিয় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিস পাঠিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ২২:৫৪

কনট প্লেসের সেন্ট্রাল পার্কে শুক্রবারের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র উপর চাপ বাড়াল দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরিচালিত দিল্লি পুলিশের তরফে ককরোচ-কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হয়নি জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা (চার বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ) জারি হয়েছে দিল্লির বিভিন্ন এলাকায়। সেই সঙ্গে আগামী দু’দিনের জন্য সেন্ট্রাল পার্ক বন্ধ করার কথা ঘোষণা করেছে ‘নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল’।

তবে দিল্লি পুলিশের হুঁশিয়ারিতে না দমে ককরোচ-প্রতিষ্ঠাতা অভিজীত দিপকে এবং বাম ছাত্র সংগঠন আইসার নেত্রী নেহা বোরা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন ‘তেরঙা ওড়াও’ (যার পোশাকি নাম, ‘লেহরা দো তেরঙ্গা’) কর্মসূচি পালনে তাঁরা বদ্ধপরিকর। তাৎপর্যপূর্ণ ভাবে শুক্রবারের কর্মসূচির আগে কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে পাশে থাকার আবেদন জানিয়েছেন দিপকে। তাঁর কথায়, ‘‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সব রাজনৈতিক দল, যুবসমাজের ঐক্যবদ্ধ হয়ে শুক্রবার ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিতে যোগ দেওয়া উচিত।

ঘটনাচক্রে, বৃহস্পতিবারই মুম্বই পুলিশ বলিউড তারকা আমির খানের ভাগ্নে তথা জনপ্রিয় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিস পাঠিয়েছে। আর সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ইমরান। ভারতীয় নাগরিক না হয়েও ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দেওয়ায় অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ইমরানের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন:

পুলিশি নজরে দিপকে

বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে দিপকে জানিয়েছেন, দিল্লিতে তাঁর আবাসন চারি দিক থেকে ঘিরে ফেলেছে সাদা পোশাকের পুলিশবাহিনী। তিনি লিখেছেন, ‘‘আমার উপর ওরা সব সময় নজরদারি করছে। একটি সাদা স্করপিও সবসময় আমাকে অনুসরণ করছে।’’

পুলিশের আর্জিতে হাই কোর্টের ‘না’

কনট প্লেস লাগোয়া পালিকা বাজারের পোশাক ব্যবসায়ী অনিলকুমার গুপ্ত নবরাত্রি এবং দশেরা উৎসবের মরসুমে ব্যবসা বিঘ্নিত হওয়া এবং জীবিকার ক্ষতির আশঙ্কা প্রকাশ করে ‘তেরঙা ওড়াও’ বাতিলের দাবিতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানির সময় দিল্লি পুলিশের তরফে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির বিরুদ্ধে নির্দেশ জারির আর্জি জানানো হলেও তা পত্রপাঠ খারিজ করে দেয় দিল্লি হাই কোর্ট।

পুলিশের বক্তব্য নথিভুক্ত করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিতিন ওয়াসুদেও সাম্ব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চ জানিয়েছে, আবেদনের পরবর্তী শুনানি হবে ৩ নভেম্বর। অন্য দিকে, দিল্লি পুলিশের তরফে আবেদনের শুনানির সময় ‘আশ্বাস’ দেওয়া হয়, শুক্রবারের ককরোচ-কর্মসূচির আগে সম্ভাব্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। কনট প্লেসের মতো একটি অত্যন্ত ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এই ধরনের অননুমোদিত জমায়েতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিল্লি পুলিশের বার্তা— ‘১৬৩ ধারা অমান্য করে জমায়েত হলে কড়া পদক্ষেপ করা হবে’।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *