মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

বিশেষ প্রতিনিধি – Ittefaq, Bangladesh

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২

রাজধানীর মিরপুর-১-এ মধ্যরাতে  একটি স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মুখোশধারী একটি দল ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে তারা কেন্দ্রের ওষুধ, সরকারি ইপিআই টিকা, টিকাদানের রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার সরঞ্জাম, চিকিত্সা যন্ত্রপাতি ও নগদ টাকা লুট করে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনও ভেঙে ফেলা হয়।

হামলার পর কেন্দ্রটির স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। প্রায় ৫০ বছর ধরে মিরপুরের দরিদ্র ও অসহায় মানুষকে বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা, পরিবার পরিকল্পনা এবং শিশুদের টিকাদান সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনায় কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, প্রায় ২৫০ জন মুখোশধারী ব্যক্তি ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে গভীর রাতে কেন্দ্রটিতে হামলা চালায়। তারা প্রথমে কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভেতরে প্রবেশ করে। এরপর ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট করে গুঁড়িয়ে দেওয়ার পর সাইনবোর্ড টাঙানো হয়েছে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট করে গুঁড়িয়ে দেওয়ার পর সাইনবোর্ড টাঙানো হয়েছে।

প্রতিষ্ঠানটির অভিযোগ, হামলাকারীরা নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিন নিয়ে যায়। লুট হওয়া অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, তিনটি স্টিলের আলমারি, পাঁচটি স্টিলের ফাইল কেবিনেট, ল্যাবরেটরির বিভিন্ন সরঞ্জাম ও রিএজেন্ট, দুটি টেলিভিশন, দুটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার এবং বিভিন্ন আসবাবপত্র।

ভারী যন্ত্রপাতি দিয়ে ভবন ভাঙচুর: লুটপাটের পর হামলাকারীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলে বলে অভিযোগ করেছে রাড্ডা কর্তৃপক্ষ। পরে সেখানে ‘সম্মাননা দোকানদার সমিতি লিমিটেড’-এর একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয় বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। ডা. নাসরিন আখতার বলেন, লুটপাট ও ভাঙচুরে মোট ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট–ভাঙচুরের পর গাছ কেটে ফেলা হয়েছে।রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট–ভাঙচুরের পর গাছ কেটে ফেলা হয়েছে।

বন্ধ হাম-রুবেলা ক্যাম্পেইন: রাড্ডা কর্তৃপক্ষ জানায়, সরকারি হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রটি ভাঙচুর ও দখলের কারণে সেই কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। নিয়মিত টিকাদানসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমও চালানো যাচ্ছে না। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বলেন, ক্ষতিগ্রস্ত কেন্দ্রটি দ্রুত পুনর্নির্মাণ করে স্বাস্থ্যসেবা চালু করা এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণের দাবিও জানান তিনি।

মামলায় হানিফ মিয়াসহ ২০০-২৫০ জন: এই ঘটনায় শাহ আলী থানায় মামলা করেছেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মামলায় হানিফ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। ওসি বলেন, আসামিদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে। রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ, এই কেন্দ্রের জমি দখলের উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে। হামলার পর সেখানে অন্য একটি সংগঠনের সাইনবোর্ড টাঙানোর ঘটনাকে এর সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *